বিদ্যা বালানের সৌন্দর্য আর অভিনয় প্রতিভা তাহলে ভালোই প্রভাব ফেলেছে বলিউডের ‘মিস্টার পারফেক্ট’ আমির খানের ওপর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর সঙ্গে সম্প্রতি কাজের আগ্রহ প্রকাশ করেছেন আমির।
কেরালার মেয়ে বিদ্যা বালানের চলচ্চিত্রযাত্রার শুরু হয়েছিল বাংলা ছবি ‘ভালো থেকো’র মাধ্যমে। ২০০৩ সালে ছবিটি মুক্তি পাওয়ার দুই বছর পর বিদ্যা অভিনয় করেন বলিউডের ছবি ‘পরিণীতা’য়। ২০০৯ সালে আর বাল্কির ‘পা’ ছবিতে অভিনয় করার পর থেকেই যেন অভিনয় জগতের স্বপ্নের পথে হাঁটতে শুরু করেছিলেন বিদ্যা। এরপর একে একে অভিনয় করেন ‘ইশকিয়া’ (২০১০), ‘নো ওয়ান কিলড জেসিকা’ (২০১১), ‘দ্য ডার্টি পিকচার’ (২০১১) এবং ‘কাহানি’র মত বক্স অফিসে আলোড়ন তোলা ছবিতে। প্রতিটি ছবির জন্যই বিভিন্ন মহলের প্রশংসায় ভেসেছেন বিদ্যা।
এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন বলিউডের অন্যতম শক্তিমান অভিনেতা আমির খান।
বিদ্যা স্তুতিতে আমিরের ভাষ্য, ‘চমত্কার একজন অভিনেত্রী বিদ্যা। তাঁর অভিনয় প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। বিদ্যার সঙ্গে কাজ করতে পারলে আমার খুবই ভালো লাগবে।’ এক খবরে জানিয়েছে পিটিআই।
আমিরের মতো বিদ্যাও কাজ নিয়ে অনেক বেশি খুতখুতে। এ কারণে অনেকেই তাঁকে ‘ফিমেল আমির খান’ বলেও ডাকেন। তবে এটা ঠিক নয় বলেই মনে করেন আমির। তিনি বলেছেন, ‘বিদ্যাকে তাঁর নিজস্ব নামেই ডাকা উচিত। তাঁর নামের পাশে আমার নাম বসানোর মত আমি কেউ নই।’
বলিউডের ‘মিস্টার পারফেক্ট’ আমির খান বিদ্যাকে চান
এই রিপোর্ট পড়েছেন 1292 - জন


























